রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল পরিদর্শন করেছেন পাঁচ সদস্যের একটি চীনা চিকিৎসক প্রতিনিধিদল। সোমবার সকালে তারা হাসপাতালের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবার সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে প্রতিনিধিদলটি হাসপাতালের আইসিইউ, অপারেশন থিয়েটার, জরুরি বিভাগ, বহির্বিভাগসহ কয়েকটি ওয়ার্ড পরিদর্শন করে চিকিৎসা ব্যবস্থাপনা ও সেবার মান পর্যবেক্ষণ করেন। এ সময় চিকিৎসক ও নার্সদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কার্যক্রম এবং আধুনিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়।
জানা গেছে, এক হাজার শয্যাবিশিষ্ট বাংলাদেশ-চীন মৈত্রী হাসপাতাল প্রতিষ্ঠা প্রকল্পের অংশ হিসেবে চীনা প্রতিনিধিদলটি বাংলাদেশ সফর করছে। সফরের উদ্দেশ্য হলো দুই দেশের স্বাস্থ্যখাতের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং চিকিৎসাসেবার মানোন্নয়নে যৌথ উদ্যোগকে এগিয়ে নেওয়া।
পরে রামেক হাসপাতালের কনফারেন্স রুমে আয়োজিত এক দ্বিপাক্ষিক বৈঠকে চিকিৎসক ও নার্সদের প্রশিক্ষণ, আধুনিক চিকিৎসা প্রযুক্তির ব্যবহার এবং স্বাস্থ্যসেবার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পি কে এম মাসুদ উল ইসলাম, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাবিবুর রহমান, রামেকের অধ্যক্ষ অধ্যাপক ডা. খন্দকার ফয়সল আলম এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) রাজশাহী জেলার সভাপতি ডা. ওয়াসিম হোসেন।
রাজশাহী ভয়েস
Rajshahi Voice একটি আধুনিক, স্বাধীন ও দায়িত্বশীল ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্ম, যার মূল লক্ষ্য রাজশাহীকে সঠিকভাবে রিপ্রেজেন্ট করা এবং দেশের গণ্ডি পেরিয়ে বিশ্ব দরবারে তুলে ধরা। রাজশাহীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও মানুষের জীবনধারাকে প্রামাণ্য ও বস্তুনিষ্ঠভাবে উপস্থাপন করাই আমাদের প্রধান অঙ্গীকার।