রাজশাহীর পোলট্রি শিল্পে বিপর্যয়

2026-06-18 13:03:18 [30]

উৎপাদন খরচের তুলনায় বাজারে ডিম ও মুরগির দাম কমে যাওয়ায় রাজশাহীর পোলট্রি শিল্পে নেমে এসেছে চরম সংকট। এর সঙ্গে যুক্ত হয়েছে বাজার সিন্ডিকেট ও বড় করপোরেট প্রতিষ্ঠানের একচ্ছত্র প্রভাব। ফলে টানা লোকসান সামলাতে না পেরে গত এক দশকে জেলার অর্ধেকের বেশি প্রান্তিক ও মাঝারি খামার বন্ধ হয়ে গেছে। পুঁজি হারিয়ে অনেক উদ্যোক্তা এখন ঋণের বোঝায় জর্জরিত, যার নেতিবাচক প্রভাব পড়ছে গ্রামীণ অর্থনীতি ও কর্মসংস্থানে।

রাজশাহীর পবা উপজেলার মল্লিকপুর গ্রামের খামারি সোহেল রানা দীর্ঘদিন লোকসান গুনে শেষ পর্যন্ত তিন লাখ টাকা ক্ষতি মাথায় নিয়ে নিজের ব্রয়লার খামার ভেঙে ফেলেছেন। গত সোমবার খামার ভাঙার সময় তিনি জানান, শুধু তার গ্রামেই গত দুই বছরে অন্তত ৫০ জন খামারি ব্যবসা গুটিয়ে নিয়েছেন। স্থানীয় খামারিদের ভাষ্য, প্রতিদিনের লোকসান আর বাড়তি উৎপাদন ব্যয়ের কারণে ছোট উদ্যোক্তাদের পক্ষে টিকে থাকা অসম্ভব হয়ে পড়েছে।

রাজশাহী পোলট্রি ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের তথ্যমতে, এক দশক আগেও পবার মল্লিকপুর, পারিলা, কুখন্ডি, রনহাট, মোসলেম ও আশরাফের মোড়সহ আশপাশের এলাকায় প্রায় ৩ হাজার পোলট্রি খামার ছিল। বর্তমানে সেখানে টিকে আছে মাত্র ৩০০টি খামার। সংগঠনটির নেতারা বলছেন, গত কয়েক বছরে খামার বন্ধ হওয়ার প্রবণতা উদ্বেগজনকভাবে বেড়েছে এবং একই চিত্র দেখা যাচ্ছে জেলার বিভিন্ন উপজেলাতেও।

খামারি ও সংশ্লিষ্টদের অভিযোগ, মুরগির খাবার, ভ্যাকসিন, ওষুধ ও শ্রমিকের মজুরি বেড়ে গেলেও ডিম ও মুরগির ন্যায্য দাম মিলছে না। পবার মোসলেমের মোড় ডিমের আড়ত সমিতির সভাপতি জয়নাল আবেদীন জানান, বর্তমানে একটি ডিম উৎপাদনে খরচ হচ্ছে সাড়ে ৯ থেকে ১০ টাকা, অথচ অনেক সময় সেই ডিম বিক্রি করতে হচ্ছে ৭ থেকে ১০ টাকায়। ফলে প্রতিটি ডিম ও মুরগিতে বড় অঙ্কের লোকসান গুনতে হচ্ছে ক্ষুদ্র খামারিদের। তাদের দাবি, বাজারে করপোরেট প্রতিষ্ঠানের আধিপত্য বাড়তে থাকায় প্রান্তিক উদ্যোক্তারা ধীরে ধীরে বাজার থেকে হারিয়ে যাচ্ছেন।

জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্যমতে, রাজশাহীতে বর্তমানে ১ হাজার ২৮৬টি লেয়ার, ২ হাজার ২৮২টি ব্রয়লার এবং ৫ হাজার ৭৫৩টি সোনালি মুরগির খামার রয়েছে। এসব খামার থেকে বছরে প্রায় সোয়া ২ লাখ মেট্রিক টন মাংস ও সাড়ে ৬০ কোটির বেশি ডিম উৎপাদিত হচ্ছে। তবে উৎপাদন চাহিদার চেয়ে বেশি হলেও প্রান্তিক খামারিরা চরম সংকটে রয়েছেন। রাজশাহী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আতোয়ার রহমান বলেন, ক্ষুদ্র খামারিদের টিকিয়ে রাখতে সরকারের পক্ষ থেকে বিশেষ ভর্তুকি ও সহায়তা প্রয়োজন।

রাজশাহী ভয়েস
Rajshahi Voice একটি আধুনিক, স্বাধীন ও দায়িত্বশীল ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্ম, যার মূল লক্ষ্য রাজশাহীকে সঠিকভাবে রিপ্রেজেন্ট করা এবং দেশের গণ্ডি পেরিয়ে বিশ্ব দরবারে তুলে ধরা। রাজশাহীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও মানুষের জীবনধারাকে প্রামাণ্য ও বস্তুনিষ্ঠভাবে উপস্থাপন করাই আমাদের প্রধান অঙ্গীকার।