রাজশাহী অঞ্চলের আম ব্যবসায় দীর্ঘদিন ধরে প্রচলিত ‘ঢলন’ প্রথা বাতিল করে এখন থেকে কেজি দরে আম কেনাবেচার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ।
সভায় বিভাগীয় কমিশনার বলেন, আমচাষিরা যেন তাদের উৎপাদিত আমের ন্যায্য মূল্য পান, তা নিশ্চিত করাই প্রশাসনের প্রধান লক্ষ্য। কৃষকবান্ধব ও স্বচ্ছ বাজারব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
সভায় জানানো হয়, এতদিন আম কেনাবেচার ক্ষেত্রে ৪০ কেজিকে ভিত্তি ধরে মূল্য নির্ধারণ করা হলেও বাস্তবে অনেক আড়তদার ৪৪ থেকে ৫৪ কেজি পর্যন্ত আম গ্রহণ করতেন। ফলে আমচাষিরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতেন এবং বাজার ব্যবস্থাপনায় বৈষম্যের সৃষ্টি হতো। কৃষকদের এ ক্ষতি কমানো এবং ব্যবসায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতেই নতুন সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে রাজশাহী অঞ্চলে আম কেজি হিসেবে ক্রয়-বিক্রয় করা হবে। একই সঙ্গে আড়তদারদের জন্য প্রতি কেজিতে তিন টাকা কমিশন নির্ধারণ করা হয়েছে, যা আম বিপণন ব্যবস্থাকে আরও সুসংগঠিত ও স্বচ্ছ করতে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
সভায় বক্তব্য দেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, রাজশাহী মহানগর পুলিশ কমিশনার ফয়েজুল কবির, রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, নওগাঁর জেলা প্রশাসক সাইফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী, কৃষি বিপণন অধিদপ্তর রাজশাহী বিভাগের উপপরিচালক শাহানা আখতার জাহান, ফল গবেষণা কেন্দ্র রাজশাহীর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. শফিকুল ইসলাম এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের এজিএম মাহমুদুল আলম স্বজল।
রাজশাহী ভয়েস
Rajshahi Voice একটি আধুনিক, স্বাধীন ও দায়িত্বশীল ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্ম, যার মূল লক্ষ্য রাজশাহীকে সঠিকভাবে রিপ্রেজেন্ট করা এবং দেশের গণ্ডি পেরিয়ে বিশ্ব দরবারে তুলে ধরা। রাজশাহীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও মানুষের জীবনধারাকে প্রামাণ্য ও বস্তুনিষ্ঠভাবে উপস্থাপন করাই আমাদের প্রধান অঙ্গীকার।