রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে যুক্তরাষ্ট্রভিত্তিক দাতব্য সংস্থা Direct Relief-এর পাঠানো বায়োলজিক ড্রাগ অ্যাডালিমুমাবের দ্বিতীয় চালান পৌঁছেছে। বুধবার সকালে হাসপাতাল কর্তৃপক্ষ ৬৯৬ সিরিঞ্জ ওষুধের এ চালান গ্রহণ করে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৮ কোটি টাকা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি থাকা ল্যাবরেটরি-নিশ্চিত অ্যাংকাইলোজিং স্পন্ডাইলাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, সোরিয়াটিক আর্থ্রাইটিস, ইনফ্ল্যামেটরি বাওয়েল ডিজিজসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত রোগীদের এই অত্যন্ত ব্যয়বহুল ওষুধ সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হবে। এর ফলে দীর্ঘদিন ধরে ব্যয়বহুল বায়োলজিক চিকিৎসা থেকে বঞ্চিত রোগীরা প্রয়োজনীয় চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাবেন।
রামেকের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. মো. আজিজুল হক আজাদ রোগী নির্বাচন ও ওষুধ প্রয়োগ কার্যক্রমের তদারকি করবেন। এর আগেও তাঁর উদ্যোগে বিভিন্ন আন্তর্জাতিক ও দাতব্য সংস্থার সহযোগিতায় রামেক হাসপাতালে ওষুধ ও চিকিৎসা সহায়তা পৌঁছেছে।
এ উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতা প্রদানের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এবং ঔষধ প্রশাসন অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
রাজশাহী ভয়েস
Rajshahi Voice একটি আধুনিক, স্বাধীন ও দায়িত্বশীল ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্ম, যার মূল লক্ষ্য রাজশাহীকে সঠিকভাবে রিপ্রেজেন্ট করা এবং দেশের গণ্ডি পেরিয়ে বিশ্ব দরবারে তুলে ধরা। রাজশাহীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও মানুষের জীবনধারাকে প্রামাণ্য ও বস্তুনিষ্ঠভাবে উপস্থাপন করাই আমাদের প্রধান অঙ্গীকার।