রাজশাহীর পবা উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার (৯ জুন) ভোরে রাজশাহী-নওগাঁ মহাসড়কের নওহাটা পৌরসভার পুঠিয়াপাড়া এলাকায় মিছিলটি বের হয়। প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, সকাল ৬টার দিকে প্রায় ২০ জন নেতা-কর্মী এতে অংশ নেন এবং অল্প সময়ের মধ্যেই মিছিল শেষ করে স্থান ত্যাগ করেন।
মিছিলের ব্যানারে “শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে” এবং “অবৈধ নিষেধাজ্ঞা মানি না, মানব না, অবিলম্বে প্রত্যাহার করতে হবে” লেখা ছিল। অংশগ্রহণকারীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। ভিডিও ফুটেজে অধিকাংশের মুখ মাস্কে ঢাকা থাকলেও স্থানীয়দের দাবি, দুজন অংশগ্রহণকারীকে শনাক্ত করা গেছে। তাদের মধ্যে পবার কাটাখালী পৌর যুবলীগের আহ্বায়ক জনি ইসলামও রয়েছেন বলে জানা গেছে।
এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, তিনি এ মিছিলের বিষয়ে অবগত নন। তবে কার্যক্রম নিষিদ্ধ কোনো সংগঠনের ব্যানারে কর্মসূচি অনুষ্ঠিত হয়ে থাকলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন। একই সঙ্গে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।
রাজশাহী ভয়েস
Rajshahi Voice একটি আধুনিক, স্বাধীন ও দায়িত্বশীল ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্ম, যার মূল লক্ষ্য রাজশাহীকে সঠিকভাবে রিপ্রেজেন্ট করা এবং দেশের গণ্ডি পেরিয়ে বিশ্ব দরবারে তুলে ধরা। রাজশাহীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও মানুষের জীবনধারাকে প্রামাণ্য ও বস্তুনিষ্ঠভাবে উপস্থাপন করাই আমাদের প্রধান অঙ্গীকার।