পবায় বিজয় মেলা শুরু

2025-12-15 19:36:55 [72]

রাজশাহীর পবা উপজেলায় বিজয়ের মাস ডিসেম্বরকে ঘিরে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে তিন দিনব্যাপী বিজয় মেলা। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ। ১৭ ডিসেম্বর পর্যন্ত চলবে এই মেলা। উদ্বোধনের পর তিনি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করে উদ্যোক্তা ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। প্রথম দিন থেকেই মেলা প্রাঙ্গণে দর্শনার্থীদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায়।

এবারের বিজয় মেলায় মোট ১২টি স্টল বসানো হয়েছে। সারিবদ্ধভাবে সাজানো স্টলগুলোর প্রতিটিতে একই নকশার ‘বিজয় মেলা’ নামফলক থাকলেও পরিচালনাকারী প্রতিষ্ঠানের নাম আলাদা করে উল্লেখ করা হয়েছে। মেলায় রয়েছে বিভিন্ন প্রকাশনার বই, দেশজ ও ঐতিহ্যবাহী পণ্য, বুটিকস ও হস্তশিল্প, চারু ও কারুশিল্প, স্থানীয় শিল্পপণ্য এবং বাহারি দেশীয় পিঠার সমাহার। নওহাটা উচ্চ বালিকা বিদ্যালয় ও বড়গাছি মহিলা সমবায় সমিতির পিঠা স্টল দর্শনার্থীদের বিশেষ আকর্ষণ সৃষ্টি করেছে। পাশাপাশি বইয়ের স্টলে বইপ্রেমীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

উপজেলা কৃষি অফিসের স্টলে কৃষিপণ্যের প্রদর্শনী ও সেলফি স্ট্যান্ড তরুণদের আগ্রহ বাড়িয়েছে। মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের বুটিকস ও হস্তশিল্পের স্টলে নারীদের তৈরি নান্দনিক পোশাক প্রদর্শন ও বিক্রি হচ্ছে, আর পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের স্টলে স্থান পেয়েছে গ্রামীণ ঐতিহ্যবাহী সামগ্রী। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন জানিয়েছে, বিজয় দিবসের চেতনা ছড়িয়ে দেওয়া, মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরা এবং স্থানীয় উদ্যোক্তাদের পণ্য প্রদর্শন ও বিপণনের সুযোগ তৈরির লক্ষ্যেই এই বিজয় মেলার আয়োজন করা হয়েছে।

রাজশাহী ভয়েস
Rajshahi Voice একটি আধুনিক, স্বাধীন ও দায়িত্বশীল ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্ম, যার মূল লক্ষ্য রাজশাহীকে সঠিকভাবে রিপ্রেজেন্ট করা এবং দেশের গণ্ডি পেরিয়ে বিশ্ব দরবারে তুলে ধরা। রাজশাহীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও মানুষের জীবনধারাকে প্রামাণ্য ও বস্তুনিষ্ঠভাবে উপস্থাপন করাই আমাদের প্রধান অঙ্গীকার।