রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অবৈধভাবে মজুদ করা জ্বালানি তেল জব্দ করেছে র্যাব। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। সোমবার বিকেলে উপজেলার নাজিরপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
মঙ্গলবার সকালে র্যাব-৫ এর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অভিযানে অংশ নেয় র্যাব-৫, রাজশাহী সিপিএসসির একটি দল।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নাজিরপুর গ্রামের বাসিন্দা রাসেল হোসেনের বাড়িতে অবৈধভাবে জ্বালানি তেল মজুদের তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। পরে সেখানে তল্লাশি চালানো হয়।
অভিযানের সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গোদাগাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুল ইসলাম উপস্থিত ছিলেন। তার তত্ত্বাবধানে আইনগত কার্যক্রম পরিচালনা করা হয়।
তল্লাশিতে বাড়িটি থেকে ৫৫০ লিটার ডিজেল ও ২২ লিটার পেট্রোল জব্দ করা হয়। পরে জব্দকৃত তেল স্থানীয় ডিলারের মাধ্যমে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
একই দিনে উপজেলার ছয়ঘাটি বাজারে মেসার্স রবিউল ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠানে পৃথক অভিযান চালানো হয়। সেখানে প্রায় ৩৫০ লিটার ডিজেল মজুদ পাওয়া যায়। প্রতিষ্ঠানটির মালিক মেয়াদোত্তীর্ণ লাইসেন্স দেখালে তাকে প্রয়োজনীয় কাগজপত্রসহ পরদিন উপজেলা প্রশাসন কার্যালয়ে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়।
রাজশাহী ভয়েস
Rajshahi Voice একটি আধুনিক, স্বাধীন ও দায়িত্বশীল ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্ম, যার মূল লক্ষ্য রাজশাহীকে সঠিকভাবে রিপ্রেজেন্ট করা এবং দেশের গণ্ডি পেরিয়ে বিশ্ব দরবারে তুলে ধরা। রাজশাহীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও মানুষের জীবনধারাকে প্রামাণ্য ও বস্তুনিষ্ঠভাবে উপস্থাপন করাই আমাদের প্রধান অঙ্গীকার।