জাল ব্যালট পেপার ছাপা হচ্ছে: তারেক রহমান

2026-02-07 08:56:22 [8]

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান গতকাল বুধবার দুপুরে বরিশালের ঐতিহাসিক বেলপার্ক ময়দানে স্মরণকালের বৃহৎ জনসভায় বক্তব্য দেন। তিনি বলেন, দেশে নতুন এক জালিম শক্তির আবির্ভাব হয়েছে, যারা নারী সমাজের সম্মান দিতে জানে না। তিনি অভিযোগ করেন, এক দলের নেতা মা-বোনদের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে পরে তা ‘হ্যাক’ হয়েছে বলে দাবি করলেও বিশেষজ্ঞরা যাচাই করে দেখেছেন—কোনো হ্যাক হয়নি।

জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্বপ্ন বাস্তবায়নের কথা স্মরণ করিয়ে দিয়ে তারেক রহমান বলেন, এ লক্ষ্য অর্জনে ১২ তারিখে সবাইকে সকাল-সন্ধ্যা সতর্ক থাকতে হবে। তিনি জানান, বিভিন্ন জায়গা থেকে জাল ব্যালট পেপার ছাপানোর খবর পাওয়া যাচ্ছে এবং বাড়ি বাড়ি গিয়ে বিকাশ নম্বর সংগ্রহ করা হচ্ছে। জাল ব্যালট পকেটে করে বাক্সে ঢোকানোর আশঙ্কার কথাও তুলে ধরেন তিনি।

নারী প্রসঙ্গে তারেক রহমান বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর স্ত্রী বিবি খাদিজা (রা.) ছিলেন একজন কর্মজীবী নারী। অথচ আজ একদল মানুষ নারীদের ঘরবন্দি রাখার কথা বলছে। তিনি বলেন, মা-বোনদের ঘরবন্দি করে কোনো দেশের উন্নয়ন সম্ভব নয়। কুমিল্লায় এক নেতার বক্তব্য উদ্ধৃত করে তিনি প্রশ্ন তোলেন—এরা কীভাবে দেশ চালাবে?

তিনি আরও বলেন, ৫ আগস্টের আগে স্বৈরাচার যেভাবে জনগণকে অপমান করত, সেই ধারা এখনো বন্ধ হয়নি। জনগণ যাদের ভিন্ন নামে চেনে, সেই গুপ্ত সংগঠনই নতুন জালিম হিসেবে আবির্ভূত হয়েছে বলে অভিযোগ করেন তিনি। যে দল দেশের মা-বোনদের অপমান করে, তারা কখনোই সুষ্ঠু রাষ্ট্র পরিচালনা করতে পারে না বলেও মন্তব্য করেন তারেক রহমান।

দীর্ঘ দুই দশক পর বরিশাল সফরে এসে তারেক রহমান বলেন, জুলাই বিপ্লবের শহীদদের স্বপ্ন বাস্তবায়নে বিএনপি এমন একটি দেশ গড়তে চায়, যেখানে নারী-পুরুষ একসঙ্গে কাজ করবে। তিনি ফ্যামেলি কার্ডের মাধ্যমে সামাজিক নিরাপত্তা, ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ, কৃষিকার্ড চালু, সার-বীজের ন্যায্য মূল্য ও ফসল সংরক্ষণে হিমাগার স্থাপনের প্রতিশ্রুতি দেন।

দক্ষিণাঞ্চল উন্নয়নের পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, ভোলা-বরিশাল সেতু নির্মাণ, ভোলার গ্যাস ব্যবহার করে শিল্পকারখানা স্থাপন এবং পুরো দক্ষিণাঞ্চলে শিল্পায়ন করা হবে। ভোলায় মেডিক্যাল কলেজ স্থাপন, বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের উন্নয়ন, নদীভাঙন রোধ ও ‘হেলথ কেয়ারার’ নিয়োগের প্রতিশ্রুতিও দেন তিনি। বক্তব্য শেষে দক্ষিণাঞ্চলের ২১ আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন।

বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মুনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বে আয়োজিত এ জনসভায় বিএনপি ও জোটের বিভিন্ন আসনের প্রার্থীরা বক্তব্য দেন। এতে সাবেক সামরিক কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও নারী প্রতিনিধিসহ দক্ষিণাঞ্চলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

পরে ফরিদপুরে আয়োজিত আরেক জনসভায় তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় এলে ফরিদপুর বিভাগ করার দাবি পূরণ করা হবে। পদ্মা নদী ঘিরে ব্যারেজ নির্মাণ, নদীভাঙন স্থায়ীভাবে প্রতিরোধ এবং কর্মসংস্থান সৃষ্টিতে শিল্পকারখানা স্থাপনের প্রতিশ্রুতি দেন তিনি। বক্তব্য শেষে ফরিদপুরের প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে তিনি হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা হন।

রাজশাহী ভয়েস
Rajshahi Voice একটি আধুনিক, স্বাধীন ও দায়িত্বশীল ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্ম, যার মূল লক্ষ্য রাজশাহীকে সঠিকভাবে রিপ্রেজেন্ট করা এবং দেশের গণ্ডি পেরিয়ে বিশ্ব দরবারে তুলে ধরা। রাজশাহীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও মানুষের জীবনধারাকে প্রামাণ্য ও বস্তুনিষ্ঠভাবে উপস্থাপন করাই আমাদের প্রধান অঙ্গীকার।