সকালে দুধ চা পানের অভ্যাস এর ভয়াবহ ক্ষতিকর দিক

2026-02-04 14:57:36 [4]

চা আমাদের দৈনন্দিন জীবনের অত্যন্ত জনপ্রিয় একটি পানীয়। অনেকেই দিনের শুরু করেন এক কাপ গরম চা দিয়ে। সকালে ঘুম থেকে ওঠার পর থেকে শুরু করে রাতে বিশ্রামের আগে পর্যন্ত বিভিন্ন সময় চা পান করার অভ্যাস রয়েছে বহু মানুষের। অফিসের কাজের ফাঁকে, সহকর্মীদের সঙ্গে আড্ডায় কিংবা বন্ধুদের সঙ্গে গল্পে চা যেন এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। তবে অতিরিক্ত বা ভুল সময়ে চা পান করলে শরীরে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

বিশেষজ্ঞদের মতে, সকালে ঘুম থেকে উঠে বা খালি পেটে দুধ চা পান করলে গ্যাসের সমস্যা বেড়ে যেতে পারে। দুধ ও চায়ের উপাদান একসঙ্গে পাকস্থলীতে গিয়ে অনেক সময় অস্বস্তি তৈরি করে। বিশেষ করে যাদের আগে থেকেই গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে এই ঝুঁকি বেশি থাকে। অনেকেই সকালে কড়া দুধ চা পান করেন, যা দীর্ঘমেয়াদে পেপটিক আলসারের ঝুঁকি বাড়াতে পারে। তাই সকালে চা পান করতে চাইলে হালকা লিকার চা বা আদা মিশ্রিত চা পান করা তুলনামূলকভাবে নিরাপদ বলে ধরা হয়।

চায়ের মধ্যে থাকা ট্যানিন নামক উপাদান দুধের সংস্পর্শে আরও সক্রিয় হয়ে উঠতে পারে। এই ট্যানিন দাঁতের ওপর প্রভাব ফেলতে পারে এবং দীর্ঘদিন নিয়মিত দুধ চা পান করলে দাঁতে হলদে দাগ পড়ার আশঙ্কা থাকে। পাশাপাশি সকালে দুধ চা পাকস্থলীতে বিরূপ প্রভাব ফেলতে পারে, যার ফলে হজমের সমস্যা দেখা দিতে পারে। অনেক সময় এটি কোষ্ঠকাঠিন্যের কারণও হয়ে দাঁড়ায়।

অতিরিক্ত দুধ চা পানের ফলে পেট ফাঁপা বা ব্লোটিংয়ের সমস্যাও দেখা দিতে পারে। চায়ে থাকা ক্যাফেইন ও দুধের ফ্যাট একসঙ্গে শরীরে অস্বস্তি তৈরি করতে পারে। আবার দিনে চার-পাঁচবার বা তার বেশি দুধ চা পান করলে শরীরে অতিরিক্ত ক্যাফেইন প্রবেশ করে, যা অনিদ্রার সমস্যা সৃষ্টি করতে পারে। বিশেষ করে সন্ধ্যার পর দুধ চা পান করলে ঘুমের স্বাভাবিক ছন্দ নষ্ট হওয়ার আশঙ্কা থাকে।

এসব সমস্যা এড়াতে বিশেষজ্ঞরা দুধ চায়ের পরিবর্তে লিকার চা পান করার পরামর্শ দেন। তবে চায়ে অতিরিক্ত চিনি ব্যবহার না করাই ভালো। বিকল্প হিসেবে মধু বা লেবুর রস ব্যবহার করলে তা তুলনামূলকভাবে স্বাস্থ্যসম্মত হতে পারে। পাশাপাশি খালি পেটে চা পান না করে আগে হালকা কিছু খাবার যেমন বিস্কুট, মুড়ি বা চিড়া খেয়ে নেওয়া ভালো, যা পাকস্থলীর ক্ষতি কমাতে সহায়ক হতে পারে।

চা অনেকের প্রিয় পানীয় হলেও স্বাস্থ্যগত দিক বিবেচনায় সচেতন থাকা জরুরি। নিয়ম মেনে এবং পরিমিত মাত্রায় চা পান করলে শরীরে নেতিবাচক প্রভাব কম পড়তে পারে। তাই চায়ের প্রতি ভালোবাসা বজায় রেখে সঠিক সময়ে ও সঠিক পদ্ধতিতে চা পান করার অভ্যাস গড়ে তোলাই হতে পারে সুস্থ থাকার অন্যতম উপায়।

রাজশাহী ভয়েস
Rajshahi Voice একটি আধুনিক, স্বাধীন ও দায়িত্বশীল ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্ম, যার মূল লক্ষ্য রাজশাহীকে সঠিকভাবে রিপ্রেজেন্ট করা এবং দেশের গণ্ডি পেরিয়ে বিশ্ব দরবারে তুলে ধরা। রাজশাহীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও মানুষের জীবনধারাকে প্রামাণ্য ও বস্তুনিষ্ঠভাবে উপস্থাপন করাই আমাদের প্রধান অঙ্গীকার।