ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলম বিপিএম বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সর্বাধিক গুরুত্ব দিয়ে যে কোনো মূল্যে আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে হবে। নির্বাচন ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা দেখা দিলে তাৎক্ষণিক ও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি।
সোমবার (২৯ ডিসেম্বর) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের এসব নির্দেশনা দেন। আইজিপি বলেন, প্রাক-নির্বাচনি সময়ে পুলিশের দৃশ্যমান উপস্থিতি আরও বাড়াতে হবে।
তিনি আরও বলেন, নিয়মিত টহলের পাশাপাশি চেকপোস্টের মাধ্যমে তল্লাশি কার্যক্রম জোরদার করতে হবে। এতে করে অপরাধী ও বিশৃঙ্খলাকারীদের তৎপরতা নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।
আইজিপি দ্ব্যর্থহীন কণ্ঠে জানান, পুলিশের আইনগত কাজে কেউ বাধা সৃষ্টি করলে তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করতে হবে। একই সঙ্গে থানা থেকে লুণ্ঠিত অস্ত্র উদ্ধারে তৎপরতা বাড়ানো এবং সরকার ঘোষিত পুরস্কারের বিষয়টি ব্যাপকভাবে প্রচারের ওপর গুরুত্ব দেন তিনি।
সভায় ভার্চুয়ালি যুক্ত ছিলেন সকল মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপারগণ। সভায় নভেম্বর ২০২৫ মাসের সার্বিক অপরাধ পরিস্থিতি, গ্রেপ্তারি পরোয়ানা, মামলা তদন্ত, বিচার ও সাজার হারসহ গুরুত্বপূর্ণ বিষয়সমূহ পর্যালোচনা করা হয়।
রাজশাহী ভয়েস
Rajshahi Voice একটি আধুনিক, স্বাধীন ও দায়িত্বশীল ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্ম, যার মূল লক্ষ্য রাজশাহীকে সঠিকভাবে রিপ্রেজেন্ট করা এবং দেশের গণ্ডি পেরিয়ে বিশ্ব দরবারে তুলে ধরা। রাজশাহীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও মানুষের জীবনধারাকে প্রামাণ্য ও বস্তুনিষ্ঠভাবে উপস্থাপন করাই আমাদের প্রধান অঙ্গীকার।