গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিলের দাবীতে মানববন্ধন

2025-12-15 11:44:03 [47]

নর্দার্ন ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) কর্তৃক স্থাপিত ডিজিটাল প্রিপেইড বৈদ্যুতিক মিটার বাতিলের দাবিতে রাজশাহীর গোদাগাড়ীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় সদরের ডাইংপাড়া মোড়ে স্থানীয় নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে সাধারণ গ্রাহকদের ভোগান্তি, অতিরিক্ত বিল আদায় এবং নীতিগত বৈষম্যের অভিযোগ তুলে ধরা হয়। ‘গোদাগাড়ী নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটি’র ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে শিক্ষক, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা তিন দফা দাবি উত্থাপন করেন। দাবিগুলো হলো— ডিজিটাল প্রিপেইড বিদ্যুৎ মিটার স্থাপন কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করা, ৫০ থেকে ৩০০ ইউনিট পর্যন্ত বিদ্যুতের ক্ষেত্রে একই মূল্য নির্ধারণ করা এবং গ্রাহকদের কাছ থেকে আদায় করা ডিমান্ড চার্জ বাতিল করা। তারা বলেন, প্রিপেইড মিটার চালুর পর অল্প সময়ের মধ্যেই বিদ্যুৎ ব্যয় অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছে, যা নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের ওপর বাড়তি আর্থিক চাপ সৃষ্টি করছে। অনেক ক্ষেত্রে প্রকৃত ব্যবহার বুঝতে না পেরেই গ্রাহকদের টাকা কেটে নেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন বক্তারা।

বক্তারা আরও বলেন, দেশের বিভিন্ন সরকারি দপ্তর ও অফিসে এখনো পোস্ট-পেইড মিটার চালু থাকলেও সাধারণ জনগণের ওপর প্রিপেইড মিটার চাপিয়ে দেওয়া হয়েছে, যা স্পষ্ট বৈষম্য ও জনস্বার্থবিরোধী। পর্যাপ্ত জরিপ ও জনমত যাচাই ছাড়াই জোরপূর্বক এই মিটার বসানো হচ্ছে বলেও অভিযোগ করা হয়। মানববন্ধনে গোদাগাড়ী নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটির সভাপতি অ্যাডভোকেট সালাহ উদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন ড. মোহাম্মদ ওবায়দুল্লাহ, অধ্যক্ষ মুজিবুর রহমান, এস এম বরজাহান আলী পিন্টুসহ অন্যান্য নেতৃবৃন্দ। কর্মসূচি শেষে আয়োজকদের একটি প্রতিনিধি দল উপজেলা নির্বাহী অফিসার নাজমুস সাদাত রত্নের কাছে স্মারকলিপি প্রদান করে দ্রুত দাবি বাস্তবায়নের আহ্বান জানায় এবং দাবি না মানা হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয়।

রাজশাহী ভয়েস
Rajshahi Voice একটি আধুনিক, স্বাধীন ও দায়িত্বশীল ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্ম, যার মূল লক্ষ্য রাজশাহীকে সঠিকভাবে রিপ্রেজেন্ট করা এবং দেশের গণ্ডি পেরিয়ে বিশ্ব দরবারে তুলে ধরা। রাজশাহীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও মানুষের জীবনধারাকে প্রামাণ্য ও বস্তুনিষ্ঠভাবে উপস্থাপন করাই আমাদের প্রধান অঙ্গীকার।