প্রধানমন্ত্রীর উপহারের রিকশা পেলেন রাজশাহীর টুলি বেগম

2026-04-04 13:50:11 [6]

রাজশাহীর এক নারীর জীবনসংগ্রামের গল্প সামাজিক যোগাযোগমাধ্যমে দেখে তাকে আর্থিক সহায়তা ও ব্যাটারি চালিত একটি রিকশা উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

পবা উপজেলার বড়গাছি মালপাড়া গ্রামের টুলি বেগমের হাতে শুক্রবার প্রধানমন্ত্রীর উপহার তুলে দেয় ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল।

প্রতিনিধি দলে নেতৃত্ব দেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ও সংগঠনটির উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। উপহার পেয়ে প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন টুলি।

আশরাফ উদ্দিন বকুল বলেন, “টুলি বেগমের (৪৬) বিষয়টি অনলাইনে দেখতে পেয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘আমরা বিএনপি পরিবারকে’ তার পাশে দাঁড়ানোর নির্দেশ দেন। আমরা একটি ব্যাটারিচালিত রিকশা ও আর্থিক সহায়তা পৌঁছে দিয়েছি।

“প্রধানমন্ত্রী শুধু টুলি বেগম নয়; সারাদেশে অসংখ্য খুন ও গুমের শিকার পরিবার এবং অনেক অসহায় পরিবারকে এভাবে সহযোগিতা প্রদান অব্যাহত রেখেছেন। প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা আগামীতে আরও বড় পরিসরে এ কার্যক্রম অব্যাহত রাখব।”

গ্রাম থেকে শহরে এসে অটোরিকশা চালাতেন টুলি বেগম। প্রায় পাঁচ বছর ধরে এভাবেই জীবিকা নির্বাহ করছেন তিনি।

প্রধানমন্ত্রীর উপহার পেয়ে টুলি বেগম বলেন, “আমাকে উপহার পাঠানোয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। উনি অনেক বড় মনের মানুষ। নতুন রিকশাটি পাওয়ায় আমার পরিবারের জীবিকা নির্বাহে সহায়ক হবে।”

রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন বলেন, “তারেক রহমান একজন মানবিক প্রধানমন্ত্রী। তিনি বিগত ১৭ বছরে খুন, গুম ও নির্যাতনের শিকার পরিবারের পাশে দাঁড়িয়েছেন।”

প্রতিনিধি দলটি টুলি বেগমের পরিবারের সদস্যদের খোঁজ-খবর নেন। এ সময় ‘আমরা বিএনপি পরিবারের’ সদস্য মোকছেদুল মোমিন মিথুন, মাসুদ রানা লিটন, ফরহাদ আলী সজীব, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবু হানিফ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী, ছাত্রদল রাজশাহী সরকারি সিটি কলেজের সদস্যসচিব এমদাদুল হক লিমন উপস্থিত ছিলেন।

রাজশাহী ভয়েস
Rajshahi Voice একটি আধুনিক, স্বাধীন ও দায়িত্বশীল ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্ম, যার মূল লক্ষ্য রাজশাহীকে সঠিকভাবে রিপ্রেজেন্ট করা এবং দেশের গণ্ডি পেরিয়ে বিশ্ব দরবারে তুলে ধরা। রাজশাহীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও মানুষের জীবনধারাকে প্রামাণ্য ও বস্তুনিষ্ঠভাবে উপস্থাপন করাই আমাদের প্রধান অঙ্গীকার।