গরমে ত্বক ভালো রাখতে ৮ কার্যকর অভ্যাস

2026-03-28 12:31:09 [13]

ঋতু, শহর-গ্রাম, বায়ুদূষণ ও তাপমাত্রার তারতম্যের কারণে ত্বকের যত্নের নিয়মও ভিন্ন হয়ে থাকে। বিশেষ করে গরমকালে অতিরিক্ত তাপ, ঘাম, রোদ এবং পানিশূন্যতার প্রভাবে ত্বক দ্রুত ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে কিছু সহজ অভ্যাস মেনে চললে এই সময়েও ত্বককে সুস্থ, সতেজ ও উজ্জ্বল রাখা সম্ভব।

প্রথমত, গরমে ত্বক রক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো সানস্ক্রিন। সূর্যের অতিবেগুনি রশ্মি ত্বকে ট্যান, দাগ এবং আগাম বার্ধক্যের কারণ হতে পারে। তাই বাইরে বের হওয়ার আগে অন্তত এসপিএফ-৪০ সমৃদ্ধ সানস্ক্রিন ব্যবহার করা উচিত, যা একবার ব্যবহারে প্রায় ৬ ঘণ্টা সুরক্ষা দিতে পারে।

দ্বিতীয়ত, শরীর ও ত্বক হাইড্রেটেড রাখা জরুরি। গরমে শরীর দ্রুত পানি হারায়, ফলে ত্বক শুষ্ক হয়ে পড়ে। তাই পর্যাপ্ত পানি পান করার পাশাপাশি হালকা ময়েশ্চারাইজার ব্যবহার করা প্রয়োজন। যারা এসি পরিবেশে থাকেন, তাদের ২–৩ ঘণ্টা পরপর ময়েশ্চারাইজার ব্যবহার করা ভালো।

তৃতীয়ত, ত্বক পরিষ্কার রাখতে মৃদু ক্লিনজার ব্যবহার করা উচিত। ঘাম, ধুলা ও সানস্ক্রিন ত্বকের রোমছিদ্র বন্ধ করে দিতে পারে। তাই দিনে অন্তত দুইবার, বিশেষ করে বাইরে থেকে এসে ও ঘুমানোর আগে, মাইল্ড ক্লিনজার দিয়ে মুখ ধোয়া প্রয়োজন।

চতুর্থত, গরমে ত্বককে ‘শান্ত’ রাখা গুরুত্বপূর্ণ। তাপের কারণে ত্বকে জ্বালাপোড়া বা লালচে ভাব দেখা দিতে পারে। অ্যালোভেরা, শসা বা ঠান্ডা উপাদানযুক্ত স্কিনকেয়ার পণ্য ব্যবহার করলে ত্বক আরাম পায়। ফ্রিজে রাখা শিট মাস্ক বা ফেস মিস্ট ব্যবহার করলে বাড়তি স্বস্তি পাওয়া যায়।

পঞ্চমত, অ্যান্টি–অক্সিডেন্ট সমৃদ্ধ পণ্য ব্যবহার ত্বকের জন্য উপকারী। সকালে ভিটামিন ‘সি’ সিরাম ব্যবহার করলে ত্বক পরিবেশগত ক্ষতি থেকে সুরক্ষিত থাকে এবং নিস্তেজ ভাব দূর করে উজ্জ্বলতা বাড়ায়।

ষষ্ঠত, নিয়মিত এক্সফোলিয়েশন ত্বক ভালো রাখতে সাহায্য করে। গরমে ঘাম ও আর্দ্রতার কারণে ত্বকে মৃত কোষ জমে যায়। সপ্তাহে ১-২ বার স্ক্র্যাব বা এক্সফোলিয়েটর ব্যবহার করে এসব মৃত কোষ দূর করা উচিত।

সপ্তমত, গরমে ভারী মেকআপ এড়িয়ে চলা ভালো। বেশি মেকআপ ত্বকের রোমছিদ্র বন্ধ করে ব্রণসহ নানা সমস্যা তৈরি করতে পারে। তাই হালকা বা মিনিমাল মেকআপ ব্যবহার করাই নিরাপদ।

অষ্টমত, বাইরে বের হলে ক্যাপ, হ্যাট, সানগ্লাস বা ছাতা ব্যবহার করা উচিত। এসব উপকরণ সূর্যের সরাসরি আলো থেকে ত্বককে অতিরিক্ত সুরক্ষা দেয়। সম্ভব হলে তীব্র রোদে অপ্রয়োজনে বাইরে যাওয়া এড়িয়ে চলা ভালো।

এছাড়া ত্বকের সুস্থতার জন্য খাদ্যাভ্যাসও গুরুত্বপূর্ণ। বিভিন্ন ফল ও সবজি ত্বককে প্রয়োজনীয় ভিটামিন ও অ্যান্টি–অক্সিডেন্ট সরবরাহ করে, যা ত্বককে ভেতর থেকে সুস্থ রাখে। পাশাপাশি পর্যাপ্ত পানি পান ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সহায়তা করে।

রাজশাহী ভয়েস
Rajshahi Voice একটি আধুনিক, স্বাধীন ও দায়িত্বশীল ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্ম, যার মূল লক্ষ্য রাজশাহীকে সঠিকভাবে রিপ্রেজেন্ট করা এবং দেশের গণ্ডি পেরিয়ে বিশ্ব দরবারে তুলে ধরা। রাজশাহীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও মানুষের জীবনধারাকে প্রামাণ্য ও বস্তুনিষ্ঠভাবে উপস্থাপন করাই আমাদের প্রধান অঙ্গীকার।