বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, দেশের খালগুলোকে নদীর সঙ্গে সংযুক্ত করে কৃষি উৎপাদন বাড়াতে সরকার কাজ করছে। তিনি জানান, জলাবদ্ধতা দূর করা, সেচ ব্যবস্থার উন্নয়ন এবং দূষণ কমানোর জন্য খাল পুনঃখনন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সোমবার (১৬ মার্চ) সকালে ফেনীর দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের মিরেরপোল এলাকায় দাদনার খাল খনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি উল্লেখ করেন, সরকার ইতোমধ্যে সারা দেশে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের উদ্যোগ নিয়েছে।
মন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তন ও ভূগর্ভস্থ পানির স্তর কমে যাওয়ার কারণে অনেক স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। তাই দ্রুত খাল খনন ও সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করা জরুরি হয়ে পড়েছে। পাশাপাশি দেশের সব খাল চিহ্নিত করে সীমানা নির্ধারণের ওপরও জোর দেন তিনি।
তিনি আরও বলেন, খালগুলোকে নদীর সঙ্গে সংযুক্ত করা গেলে পানি প্রবাহ স্বাভাবিক হবে, দূষণ কমবে এবং আবাদি জমি ও কৃষি উৎপাদন বাড়বে। এ কাজে সরকারের পাঁচটি দপ্তর মাঠে কাজ করছে এবং স্থানীয় নেতাকর্মীদের সহযোগিতা কামনা করা হয়।
ফেনী জেলা প্রশাসক মনিরা হকের সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশ সুপার মো. শফিকুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দাদনার খালের ৭ কিলোমিটার পুনঃখনন সম্পন্ন হলে প্রায় ৩২০ হেক্টর জমি চাষের আওতায় আসবে এবং বছরে প্রায় ১০০ কোটি টাকার অতিরিক্ত ফসল উৎপাদন সম্ভব হবে বলে প্রশাসন জানিয়েছে।
রাজশাহী ভয়েস
Rajshahi Voice একটি আধুনিক, স্বাধীন ও দায়িত্বশীল ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্ম, যার মূল লক্ষ্য রাজশাহীকে সঠিকভাবে রিপ্রেজেন্ট করা এবং দেশের গণ্ডি পেরিয়ে বিশ্ব দরবারে তুলে ধরা। রাজশাহীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও মানুষের জীবনধারাকে প্রামাণ্য ও বস্তুনিষ্ঠভাবে উপস্থাপন করাই আমাদের প্রধান অঙ্গীকার।