রাজাবাড়ীহাট দুগ্ধ খামার পরিদর্শনে এমপি মুজিবুর

2026-03-15 13:18:53 [14]

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ীহাটে অবস্থিত দুগ্ধ ও গবাদি উন্নয়ন খামার কমপ্লেক্স পরিদর্শন করেছেন রাজশাহী-১ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান। পরিদর্শনকালে তিনি খামারগুলোর কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন।

সোমবার পরিদর্শনের সময় এমপি মুজিবুর রহমান বলেন, খামারগুলোর কোথায় কী সমস্যা রয়েছে এবং সেগুলো সমাধানে কী ধরনের পদক্ষেপ প্রয়োজন, তা লিখিতভাবে জানাতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে লিখিত প্রস্তাব পেলে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি জানান।

এ সময় কর্মকর্তারা খামার পরিচালনায় জনবলের ঘাটতি, একটি ডিপটিউবওয়েল স্থাপন এবং ভেঙে যাওয়া সীমানা প্রাচীর মেরামতের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। এসব সমস্যা দ্রুত সমাধানের জন্য উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন সংসদ সদস্য।

রাজাবাড়ীহাট দুগ্ধ ও গবাদি উন্নয়ন খামার কমপ্লেক্সে চারটি ইউনিট রয়েছে—সরকারি দুগ্ধ খামার, সরকারি গবাদি উন্নয়ন খামার, কৃত্রিম প্রজনন ও পশু উন্নয়ন ইউনিট এবং পশুখাদ্য উৎপাদন ইউনিট। পরিদর্শনকালে এসব ইউনিটের কার্যক্রম পর্যবেক্ষণ করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের উপপরিচালক ডা. ইসমাইল হক, যুব প্রশিক্ষণ কেন্দ্রের কো-অর্ডিনেটর আফজাল হোসেন, রাজশাহীর সিভিল সার্জন ডা. রাজিউল করিমসহ সংশ্লিষ্ট খামারগুলোর পরিচালকরা। এছাড়াও জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল খালেক, সহ-সেক্রেটারি অধ্যাপক কামরুজ্জামান এবং মাটিকাটা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আনোয়ারুল করিম উপস্থিত ছিলেন।

রাজশাহী ভয়েস
Rajshahi Voice একটি আধুনিক, স্বাধীন ও দায়িত্বশীল ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্ম, যার মূল লক্ষ্য রাজশাহীকে সঠিকভাবে রিপ্রেজেন্ট করা এবং দেশের গণ্ডি পেরিয়ে বিশ্ব দরবারে তুলে ধরা। রাজশাহীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও মানুষের জীবনধারাকে প্রামাণ্য ও বস্তুনিষ্ঠভাবে উপস্থাপন করাই আমাদের প্রধান অঙ্গীকার।