রাজশাহীতে তেলের সংকট, তেলের পাম্পে বাইকের মিছিল

2026-03-07 15:53:34 [7]

রাজশাহী বিভাগে পেট্রল ও অকটেনের সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় ফিলিং স্টেশনগুলোতে বাইকারদের দীর্ঘ সারি তৈরি হয়েছে। চাহিদামতো তেল না পাওয়ার অভিযোগ করছেন চালকেরা। কোথাও কোথাও তেল শেষ হয়ে যাওয়ায় কয়েকটি ফিলিং স্টেশন সাময়িকভাবে বন্ধও হয়ে গেছে। যেসব স্টেশনে তেল রয়েছে, সেগুলোতে সীমিত পরিমাণে তেল বিক্রি করা হচ্ছে।

বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটর্স, এজেন্টস অ্যান্ড পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, রাজশাহী বিভাগের আট জেলায় মোট ২৭৯টি ফিলিং স্টেশন রয়েছে। গত তিন দিন ধরে এসব স্টেশনে পেট্রল ও অকটেন সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় হঠাৎ করেই তেল সংকট প্রকট আকার ধারণ করেছে।

বৃহস্পতিবার সকাল থেকেই রাজশাহী নগরের বেশিরভাগ ফিলিং স্টেশনে এই সংকট স্পষ্ট হয়ে ওঠে। অনেক স্টেশনে গ্রাহকদের চাহিদামতো তেল দেওয়া বন্ধ করে দেওয়া হয়। কোথাও সর্বোচ্চ ২০০ টাকা আবার কোথাও ৫০০ টাকার বেশি তেল দেওয়া হয়নি বলে জানা গেছে।

শুক্রবারও একই চিত্র দেখা যায়। সকাল থেকেই নগরের বিভিন্ন ফিলিং স্টেশনে বাইকারদের দীর্ঘ সারি দেখা গেছে। তেল পাওয়ার আশায় অনেককেই একাধিক পাম্পে ঘুরতে হয়েছে। ভাটাপাড়া এলাকার বাসিন্দা বখতিয়ার শাহরিয়ার জানান, বৃহস্পতিবার রাতে তিনটি স্টেশন ঘুরে তিনি মাত্র এক হাজার টাকার পেট্রল সংগ্রহ করতে পেরেছেন।

বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটর্স, এজেন্টস অ্যান্ড পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের রাজশাহী বিভাগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল বলেন, মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের প্রভাব এবং গ্রাহকদের অতিরিক্ত তেল মজুদের প্রবণতার কারণে এ সংকট দেখা দিয়েছে। তেল না থাকায় ইতোমধ্যে কয়েকটি ফিলিং স্টেশন বন্ধ হয়ে গেছে এবং যেসব স্টেশনে তেল রয়েছে সেগুলোতেও সীমিত পরিমাণে বিক্রি করা হচ্ছে। পরিস্থিতি কবে স্বাভাবিক হবে, তা এখনো নিশ্চিত নয় বলেও তিনি জানান।

রাজশাহী ভয়েস
Rajshahi Voice একটি আধুনিক, স্বাধীন ও দায়িত্বশীল ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্ম, যার মূল লক্ষ্য রাজশাহীকে সঠিকভাবে রিপ্রেজেন্ট করা এবং দেশের গণ্ডি পেরিয়ে বিশ্ব দরবারে তুলে ধরা। রাজশাহীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও মানুষের জীবনধারাকে প্রামাণ্য ও বস্তুনিষ্ঠভাবে উপস্থাপন করাই আমাদের প্রধান অঙ্গীকার।