বাংলাদেশ টেক এনট্রাপ্রেনিয়র সোসাইটি (বিডিটিইএস)-এর উদ্যোগে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পদ্মার মনোরম তীরবর্তী নোঙ্গর রেষ্টুরেন্ট-এ আয়োজিত এই আয়োজনটি রাজশাহীর প্রযুক্তি উদ্যোক্তাদের মিলনমেলায় পরিণত হয়। পবিত্র রমজান মাসের তাৎপর্যকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠান পারস্পরিক সৌহার্দ্য, সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধ জোরদারের এক গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন জেরন আইটি’র কো-ফাউন্ডার জনাব আল আমিন জুয়েল। তাঁর তেলাওয়াত অনুষ্ঠানে আধ্যাত্মিক আবহ সৃষ্টি করে এবং উপস্থিত অতিথিদের মধ্যে ধর্মীয় অনুভূতির সঞ্চার ঘটায়। এরপর শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সংগঠনের জেনারেল সেক্রেটারি জনাব এম. এম. মুরাদুজ্জামান কনক। তিনি তাঁর বক্তব্যে বিডিটিইএস-এর লক্ষ্য, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং প্রযুক্তি খাতে সমন্বিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানের এক গুরুত্বপূর্ণ অংশ ছিল পরিচিতি পর্ব, যেখানে অংশগ্রহণকারী বিভিন্ন আইটি প্রতিষ্ঠানের ফাউন্ডার ও প্রতিনিধিগণ নিজেদের প্রতিষ্ঠান, কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরেন। এই পর্বটি পারস্পরিক নেটওয়ার্কিং জোরদার ও সম্ভাব্য যৌথ উদ্যোগের ক্ষেত্র তৈরিতে সহায়ক ভূমিকা রাখে। প্রযুক্তিনির্ভর উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজনীয়তার বিষয়েও আলোচনা হয়।
অনুষ্ঠানের সমাপনী পর্বে মেট রয়েল আইটি’র ফাউন্ডার মাহবুব আরা নীলা ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি আয়োজনে সহযোগিতাকারী সকলকে কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন। পরে জিরো পয়েন্ট কম্পিউটিং-এর সম্মানিত ফাউন্ডার জনাব রেজয়ানুল হক দেশ ও বিশ্বে শান্তি প্রতিষ্ঠা, সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের সমৃদ্ধি এবং সকলের ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।
ইফতার ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠানটি এক আন্তরিক ও ইতিবাচক প্রত্যয়ে সমাপ্ত হয়। অংশগ্রহণকারীরা পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা এবং প্রযুক্তি খাতে সম্মিলিত অগ্রযাত্রার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। উল্লেখ্য, রাজশাহীর অর্ধশতাধিক আইটি প্রতিষ্ঠানের ফাউন্ডার ও প্রতিনিধিগণ এই আয়োজনে অংশগ্রহণ করেন, যা স্থানীয় প্রযুক্তি উদ্যোক্তাদের ঐক্য ও সম্ভাবনার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
রাজশাহী ভয়েস
Rajshahi Voice একটি আধুনিক, স্বাধীন ও দায়িত্বশীল ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্ম, যার মূল লক্ষ্য রাজশাহীকে সঠিকভাবে রিপ্রেজেন্ট করা এবং দেশের গণ্ডি পেরিয়ে বিশ্ব দরবারে তুলে ধরা। রাজশাহীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও মানুষের জীবনধারাকে প্রামাণ্য ও বস্তুনিষ্ঠভাবে উপস্থাপন করাই আমাদের প্রধান অঙ্গীকার।