গনপিটুনিতে চারঘাটে বিএনপি নেতার মৃত্যু

2026-02-28 10:25:54 [3]

রাজশাহীর চারঘাটে নিজ দলের কর্মীদের হামলায় বিএনপির এক নেতা নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ইউসুফপুর ইউনিয়নের সিপাইপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত এরশাদ আলী (৬৫) সিপাইপাড়া গ্রামের বাসিন্দা ও ইউসুফপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি ছিলেন। তিনি রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ-এর অনুসারী হিসেবে পরিচিত।

অভিযোগ উঠেছে, হামলায় জড়িতরা জেলা বিএনপির সাবেক সহসভাপতি আনোয়ার হোসেন উজ্জ্বল-এর অনুসারী। জানা যায়, শুক্রবার জুমার নামাজের পর স্থানীয় একটি মসজিদে ইসলামী জলসার প্রধান অতিথি নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ তৈরি হয়। এক পক্ষ উজ্জ্বলকে এবং অন্য পক্ষ স্থানীয় এমপি আবু সাইদ চাঁদকে প্রধান অতিথি করতে চাইলে কথা কাটাকাটির একপর্যায়ে আলোচনা ভেস্তে যায়।

চারঘাট থানার এসআই সিরাজুল ইসলাম জানান, রাতে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে এরশাদ আলীর ওপর হামলা করা হয়। চায়ের দোকানে অবস্থানরত কয়েকজন তাকে লাঠি ও গাছের ডাল দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নেয়। অভিযুক্তরা পালিয়ে গেছে, তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

রাজশাহী ভয়েস
Rajshahi Voice একটি আধুনিক, স্বাধীন ও দায়িত্বশীল ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্ম, যার মূল লক্ষ্য রাজশাহীকে সঠিকভাবে রিপ্রেজেন্ট করা এবং দেশের গণ্ডি পেরিয়ে বিশ্ব দরবারে তুলে ধরা। রাজশাহীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও মানুষের জীবনধারাকে প্রামাণ্য ও বস্তুনিষ্ঠভাবে উপস্থাপন করাই আমাদের প্রধান অঙ্গীকার।