চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী ১ ও ২ টাকায় ইফতার বিতরণ

2026-02-22 12:56:04 [13]

চাঁপাইনবাবগঞ্জে জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব রফিকুল ইসলামের উদ্যোগে ১ টাকায় এবং চাঁপাইনবাবগঞ্জ জাতীয়তাবাদী পরিবারের উদ্যোগে ২ টাকায় ইফতার বিতরণ কার্যক্রম চলছে। পবিত্র রমজান মাসজুড়ে পরিচালিত এই ব্যতিক্রমী উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। বিশেষ করে নিম্নআয়ের মানুষ ও পথচারীরা এতে উপকৃত হচ্ছেন।

জানা গেছে, জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব রফিকুল ইসলাম ওরফে রফিক চাইনিজের নেতৃত্বে নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে প্রথম রোজা থেকেই ১ টাকায় ইফতার বিতরণ শুরু হয়েছে। রমজান মাসব্যাপী চলমান এই কর্মসূচির মাধ্যমে প্রতিদিন অসংখ্য রোজাদারের মাঝে ইফতার সামগ্রী তুলে দেওয়া হচ্ছে।

মাত্র ১ টাকার বিনিময়ে ইফতার প্যাকেটে থাকছে কলা, খেজুর, বেগুনি, পেঁয়াজু, জিলাপি, শশা-গাজরসহ প্রায় ১৫ ধরনের বিভিন্ন খাদ্যসামগ্রী। স্বল্পমূল্যে এমন বৈচিত্র্যময় ইফতার পেয়ে খুশি সাধারণ মানুষ। আয়োজকরা জানান, রোজাদারদের কষ্ট কিছুটা লাঘব করাই তাদের মূল লক্ষ্য।

অন্যদিকে, চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি পরিবারের উদ্যোগে দ্বিতীয় রমজান থেকে বিশ্বরোড মোড়ের শাহনেয়ামুল্লাহ কলেজের সামনে ২ টাকায় ইফতার বিতরণ করা হচ্ছে। বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে এ কার্যক্রমে অংশ নিচ্ছেন।

এই সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য সচিব বাবর আলী রুমন, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুল আরেফিন সিদ্দিক বুলু, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজিজুল হক ও শ্রমিক নেতা কামাল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ। তাদের উপস্থিতিতে কর্মসূচি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

ইফতার গ্রহণকারীদের মধ্যেও দেখা গেছে সন্তুষ্টি। পৌর শহরের রিকশাচালক কাদের আলী জানান, যাত্রী নিয়ে যাওয়ার পথে তিনি ইফতার পেয়েছেন মাত্র ১ টাকায়। পথচারী আসলাম আলী বলেন, সমাজের বিত্তবানরা এভাবে এগিয়ে এলে গরিব মানুষের কষ্ট অনেকটাই কমে যাবে।

রাজশাহী ভয়েস
Rajshahi Voice একটি আধুনিক, স্বাধীন ও দায়িত্বশীল ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্ম, যার মূল লক্ষ্য রাজশাহীকে সঠিকভাবে রিপ্রেজেন্ট করা এবং দেশের গণ্ডি পেরিয়ে বিশ্ব দরবারে তুলে ধরা। রাজশাহীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও মানুষের জীবনধারাকে প্রামাণ্য ও বস্তুনিষ্ঠভাবে উপস্থাপন করাই আমাদের প্রধান অঙ্গীকার।