রাজশাহীতে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের কোচিং বাণিজ্য বন্ধে নীতিমালা-২০১২ বাস্তবায়নের লক্ষ্যে ১০ সদস্যের একটি উপ-কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) জেলা প্রশাসক আফিয়া আখতার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, পদাধিকার বলে জেলা শিক্ষা অফিসার মো. জায়েদুর রহমানকে সভাপতি এবং কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) রাজশাহীর সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুনকে সদস্যসচিব করা হয়েছে। কমিটির সদস্যরা শিক্ষা ও ভোক্তা অধিকার সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করবেন।
কমিটিতে পদাধিকার বলে সদস্য হিসেবে রয়েছেন রাজশাহী শিক্ষাবোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ ও রাজশাহী সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষরা। এছাড়া রাজশাহী কলেজিয়েট স্কুল, সরকারি ল্যাবরেটরি হাইস্কুল, সরকারি প্রমথনাথ বালিকা বিদ্যালয়, সরকারি বালিকা বিদ্যালয় (হেলেনাবাদ), সিরোইল সরকারি উচ্চ বিদ্যালয় এবং হাজী মুহাম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা অন্তর্ভুক্ত হয়েছেন।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, শিক্ষকদের কোচিং বাণিজ্য শিক্ষা ব্যবস্থায় বৈষম্য সৃষ্টি করছে এবং শ্রেণিকক্ষভিত্তিক পাঠদানের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। ফলে শিক্ষার্থীদের সমান সুযোগ নিশ্চিত করা ব্যাহত হচ্ছে।
এই প্রেক্ষাপটে নীতিমালা-২০১২ কার্যকর বাস্তবায়ন, কোচিং সেন্টার মনিটরিং এবং অনিয়ম প্রতিরোধে কমিটি কাজ করবে বলে জানানো হয়েছে। সংশ্লিষ্টদের আশা, এর মাধ্যমে শিক্ষা ব্যবস্থায় শৃঙ্খলা ও স্বচ্ছতা আরও জোরদার হবে।
রাজশাহী ভয়েস
Rajshahi Voice একটি আধুনিক, স্বাধীন ও দায়িত্বশীল ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্ম, যার মূল লক্ষ্য রাজশাহীকে সঠিকভাবে রিপ্রেজেন্ট করা এবং দেশের গণ্ডি পেরিয়ে বিশ্ব দরবারে তুলে ধরা। রাজশাহীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও মানুষের জীবনধারাকে প্রামাণ্য ও বস্তুনিষ্ঠভাবে উপস্থাপন করাই আমাদের প্রধান অঙ্গীকার।