দিনাজপুরে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কার্যালয়ে হঠাৎ কয়েকজন নেতা-কর্মী জড়ো হয়ে 'জয় বাংলা' স্লোগান দিয়েছেন। আজ রোববার দুপুরে শহরের বাসুনিয়াপট্টি এলাকায় জেলা ও শহর আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। নেতা-কর্মীদের স্লোগান দেওয়ার একটি ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শহরজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও সাংস্কৃতিক সম্পাদকসহ সাতজন নেতা-কর্মী কার্যালয়ের সামনে দাঁড়িয়ে ‘শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ সহ বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এ সময় তারা মুঠোফোনে নিজেদের ভিডিও ধারণ করেন। উল্লেখ্য, জুলাই অভ্যুত্থানের পর থেকে এই কার্যালয় দুটি ভাঙাচোরা ও পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল।
স্লোগান দেওয়ার প্রতিবাদে বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একদল নেতা-কর্মী সেখানে উপস্থিত হয়ে বিক্ষোভ করেন। তারা পরিত্যক্ত কার্যালয়টিতে পুনরায় আগুন জ্বালিয়ে ক্ষোভ প্রকাশ করেন। আন্দোলনকারীরা জানান, শহীদের রক্তের দাগ এখনো শুকায়নি, এমতাবস্থায় নিষিদ্ধ দলের এমন কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
ঘটনার পর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলনের নেতারা প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তারা বলেন, প্রশাসনের নাকের ডগায় এমন ঘটনা ঘটিয়ে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। তবে কোতোয়ালি থানার ওসি জানান, পুলিশ ভিডিওটি দেখেছে এবং শহরে বিশৃঙ্খলা এড়াতে তারা তৎপর রয়েছেন।
এদিকে একই দিন বিকেলে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলাতেও আওয়ামী লীগের একটি ভাঙাচোরা কার্যালয় পরিদর্শনের খবর পাওয়া গেছে। সেখানেও দলের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বেশ কয়েকজন নেতা-কর্মীকে একসঙ্গে দেখা যায়। এই ঘটনাগুলোকে কেন্দ্র করে জেলাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
রাজশাহী ভয়েস
Rajshahi Voice একটি আধুনিক, স্বাধীন ও দায়িত্বশীল ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্ম, যার মূল লক্ষ্য রাজশাহীকে সঠিকভাবে রিপ্রেজেন্ট করা এবং দেশের গণ্ডি পেরিয়ে বিশ্ব দরবারে তুলে ধরা। রাজশাহীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও মানুষের জীবনধারাকে প্রামাণ্য ও বস্তুনিষ্ঠভাবে উপস্থাপন করাই আমাদের প্রধান অঙ্গীকার।